দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)। ছবি: জেএনইউর ওয়েবসাইট থেকে নেওয়া আশ্বিন শুরু হওয়ার আগেই দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (...
![]() |
| দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)। ছবি: জেএনইউর ওয়েবসাইট থেকে নেওয়া |
আশ্বিন শুরু হওয়ার আগেই দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) বয়ে গেল বসন্তের মৃদুমন্দ সমীরণ। চৈত্রে ফোটা পলাশের মতো আদিগন্ত সবুজে সবুজ এই বিপুলায়তন শিক্ষাপ্রতিষ্ঠান এখন লালে লাল। সেখানে সেপ্টেম্বরেই সমাধা মহান ‘অক্টোবর বিপ্লব’। দক্ষিণপন্থী আগ্রাসনের কঠিন মোকাবিলা শেষে জেএনইউ ছাত্র ইউনিয়নের সব আসন দখলে নিয়েছে বামপন্থীরা। অভূতপূর্ব এই বাম ঐক্য হয়তো অজান্তে রচে দিল ২০১৯-এর সাধারণ নির্বাচনের আবহসংগীতও। বুঝিয়ে দিল, একতাই শাসক বিজেপির মোকাবিলার একমাত্র প্রতিষেধক।
রেকর্ডের জন্য ভোটের ফল এইভাবে নথিবদ্ধ থাক, ছাত্র ইউনিয়নের সভাপতি, সহসভাপতি, সম্পাদক ও যুগ্ম সম্পাদক, চার গুরুত্বপূর্ণ পদই দখল নিয়েছে বামপন্থীরা। বিভিন্ন বিভাগের কাউন্সিলর পদগুলো সিংহভাগও তাদের দখলে। সামাজিক বিজ্ঞান ও ভাষা শিক্ষার দশটি কাউন্সিলরের প্রতিটি এবং আন্তর্জাতিক সম্পর্কের পাঁচটি কাউন্সিলরের পদের মধ্যে চারটিই তারা ছিনিয়ে নিয়েছে। বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারত বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) পেয়েছে সংস্কৃত শিক্ষার কাউন্সিলরের একমাত্র পদটি। বিজেপির মতোই একটি করে কাউন্সিলরের পদ জিতেছে কংগ্রেসের ছাত্র ইউনিয়ন এনএসইউআই ও সদ্য গঠিত দলিত সংগঠন ‘বিরসা আম্বেদকর ফুলে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (বাপসা)। এই ব্যতিক্রমটুকুর বাইরে জেএনইউয়ের রং রক্তিম।
এবারের ঐক্য কতখানি চূড়ান্ত, তার প্রমাণ মিলেছে প্রাপ্ত ভোটের হিসেবেও। যেমন, সভাপতিপদে বামেরা পেয়েছে ২ হাজার ১৬১ ভোট, এবিভিপি পেয়েছে মাত্র ৯৮২। সহ সভাপতি পদে বাম প্রার্থী পেয়েছেন ২ হাজার ৬৯২ ভোট, এবিভিপি ১ হাজার ১২ টি। সম্পাদক পদে বামেদের ২ হাজার ৪২৩ ভোটের পাশাপাশি এবিভিপির পাওনা ১ হাজার ১২৩ ভোট। যুগ্ম সম্পাদক পদের ফারাক হলো ২ হাজার ৪৭ বনাম ১ হাজার ২৪৭। চার প্রধান পদের তিনটিতে তৃতীয় স্থানে ‘বাপসা’, যুগ্ম সম্পাদকের লড়াইয়ে তৃতীয় স্থান এনএসইউআইয়ের। রেকর্ডের খাতিরে এ কথাও বলা উচিত, গতবারের তুলনায় বাপসা এবার ৫ দশমিক ৫ শতাংশ ভোট কম পেয়েছে। তাদের না পাওয়া ভোট গেছে এনএসইউআইয়ের দখলে।
বাম ঐক্যের সূচনা ২০১৬ সালে, জেএনইউ ‘দেশদ্রোহীমুক্ত’ করতে যে বছর কোমর কষে নেমেছিল দক্ষিণপন্থী ছাত্র সংগঠন এবিভিপি। সেই বছর সিপিএমের ছাত্র সংগঠন ‘এসএফআই’ হাত মেলায় দীপংকর ভট্টাচার্যের উগ্র বাম সংগঠন সিপিআই (এমএল) ‘আইসা’র সঙ্গে। এবারের মতো সেবার সব আসনে জেতার পর ২০১৭ সালে বিক্ষুব্ধ সিপিএম ছাত্র নেতাদের সংগঠন ‘ডিএসএফ’ বাম ঐক্যের শরিক হয়। এবার সিপিআইএর ছাত্র সংগঠন ‘এআইএসএফ’-এর যোগদানে বাম ঐক্যের ষোলো আনা পূর্ণ হলো। প্রাপ্ত ভোটের হিসেব? বামপন্থীদের দখলে মোট ভোটের ৪৫ শতাংশ, গতবারের তুলনায় যা প্রায় ৩ শতাংশ বেশি। বিজেপির গৈরিক বাহিনী পেয়েছে ২১ শতাংশের সামান্য বেশি।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভোটের চার দিনের মাথায় জেএনইউয়ের এই ভোট গুরুত্বপূর্ণ ছিল অন্য কারণে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রধান চারটি আসনের মধ্যে তিনটিতে জেতে এবিভিপি, কংগ্রেসের এনএসইউআই পায় শুধুমাত্র সাধারণ সম্পাদকের পদ। সেই ভোটে এই প্রথমবারের জন্য ব্যবহৃত হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ‘ইভিএম’। ভোটের শুরু থেকেই ইভিএম ঘিরে সন্দেহ দানা বেঁধেছিল। সন্দেহ জারি ছিল গণনা পর্যন্ত। ব্যাপক কারচুপির অভিযোগে গমগম করে ওঠে গণনা কক্ষ। ফল বেরোনোর প্রায় সঙ্গে সঙ্গেই কংগ্রেস জানিয়ে দেয়, ইভিএমে কারচুপির অভিযোগ নিয়ে তারা আদালতে যাবে। জেএনইউয়ের ভোট কিন্তু হয় ব্যালটে। গোটা বিশ্ববিদ্যালয় চত্বরে বামপন্থীরা ছড়িয়ে দেয় এই স্লোগান, ‘ইভিএম নেহি ব্যালট হ্যায়, মোদিজি পে ম্যানডেট হ্যায়’। জেএনইউ দখলে মরিয়া বিজেপির আন্দোলন ও বিক্ষোভে গণনা পিছিয়ে যায় ১৪ ঘণ্টা। কিন্তু শেষ পর্যন্ত প্রত্যাশিত ভরাডুবি। ক্রিকেটের পরিভাষায় ‘ধবল ধোলাই’।
অথচ দক্ষিণপন্থী প্রচেষ্টায় কোনো খামতি ছিল না। ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি জেএনইউয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল অনির্বাণ ভট্টাচার্য ও ওমর খালিদের অতি বাম (নকশাল ও মাওবাদীদের মতো) সংগঠন ‘ডিএসও’। সংসদ হামলায় জড়িত থাকার অভিযোগে আফজল গুরুর ফাঁসির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের হয়েছিল। সংঘর্ষও বাধে দক্ষিণপন্থী ও অতি বাম সমর্থকদের মধ্যে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তড়িঘড়ি ব্যবস্থা নেয় কানহাইয়া কুমার, অনির্বাণ ভট্টাচার্য, ওমর খালিদ, শেয়লা রশিদদের বিরুদ্ধে। আদালত পর্যন্ত গড়িয়েছিল সেই কাহিনি। বিজেপি সমাজকে ভাগাভাগি করে দেয় ‘দেশদ্রোহী বনাম দেশপ্রেমী’ দুই শিবিরে। তারা কোমর কষে নামে জেএনইউকে ‘দেশদ্রোহীমুক্ত’ করতে।
গো-রক্ষা আন্দোলন, গণপিটুনি, দলিত নিগ্রহ, বাক্স্বাধীনতা হরণ, ধর্মীয় মেরুকরণ, মানবাধিকার হরণ, অসত্য খবর প্রসারে ‘সরকারি’ প্রচেষ্টা, যা কিনা যুক্তরাষ্ট্রের ‘ম্যাকার্থিবাদ’-এর নবসংস্করণ, তার বিরুদ্ধে প্রতিবাদে জেএনইউয়ের বাম ঐক্য একটা প্রতীক হয়ে উঠল। মাত্র ৩১ শতাংশ ভোট পেয়ে যারা দেশ শাসন করছে, তাদের মোকাবিলায় একতাই যে একমাত্র অস্ত্র, এই ভোটের মধ্য দিয়ে বামপন্থীরা সেই বার্তাই ছড়িয়ে দিতে চেয়েছে। উত্তর প্রদেশের সাম্প্রতিক উপনির্বাচন অথবা কর্নাটকের বিধানসভা ভোট ভারতীয় রাজনীতিতে বিরোধী ঐক্যের যে প্রয়োজনীয়তা উপলব্ধি করিয়েছে, জেএনইউয়ের ভোট সেই উপলব্ধিরই আর একটা সংস্করণ হয়ে থাকল।
বর্তমান ভারতের রাজনীতিতে বাম প্রাসঙ্গিকতা তুলনায় অবশ্যই কিছু দুর্বল। ঐতিহ্যগত রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ বহুদিন হাতছাড়া। বেদখল হয়ে গেছে ত্রিপুরাও। টিকে থাকা বলতে শুধু কেরালা। বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান, অন্ধ্র প্রদেশ, কাশ্মীর ও পাঞ্জাবে যে উপস্থিতি বামেদের ছিল, ‘একে একে নিবেছে দেউটি’র মতো ধীরে ধীরে সব গেছে। এই সব হারানোর মাঝে প্রথমে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, তারপর গাড়োয়াল ইউনিভার্সিটি এবং এখন জেএনইউয়ে বাম উপস্থিতি ছাত্ররাজনীতিতে এক নতুন আলোর দিশার মতো। জাতীয় রাজনীতিতে বামেরা সর্বদাই গুরুত্বপূর্ণ এক অনুঘটক। জেএনইউয়ে বাম সাফল্য এবং দক্ষিণপন্থী বিজেপির ধরাশায়ী হওয়াকে ঘিরে আগামী বছর লোকসভা ভোটের মোকাবিলায় সেই অনুঘটকের সম্ভাব্য ভূমিকা নিয়ে শুরু হয়ে গেছে নতুন আলোচনা।

COMMENTS